• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নওগাঁয় দুই বোনকে বিয়ের ঘটনায় যুবক ও দুই নারীকে গ্রামছাড়া করার অভিযোগ

নওগাঁয় দুই বোনকে বিয়ের ঘটনায় যুবক ও দুই নারীকে গ্রামছাড়া করার অভিযোগ

জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে আপন দুই বোনকে বিয়ে করার ঘটনায় এক যুবক ও তাঁর দুই স্ত্রীকে মারধর, মুখে চুনকালি মাখানো এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ৩৫ বছর বয়সী ওই যুবক গত রোববার সন্ধ্যায় তাঁর প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন। পরে দুই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে স্থানীয় লোকজন তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যুবকের শ্বশুর জানান, স্থানীয় লোকজন তাঁর দুই মেয়ে ও জামাতাকে হেনস্তা করে গ্রাম ছাড়তে বাধ্য করেন। বর্তমানে তাঁরা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬এএম, ঢাকা-বাংলাদেশ।