• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি, চলছে ড্রোন নজরদারি

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি, চলছে ড্রোন নজরদারি

নিজস্ব প্রতিবেদক

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছে।

সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যান ও দাঙ্গা নিয়ন্ত্রণ যান মোতায়েন রয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ড্রোনের মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হচ্ছে।

দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা শরীরে ধারণযোগ্য ক্যামেরা ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে এ তৎপরতা অব্যাহত থাকবে।

০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।