শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৯ নভেম্বর) ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দাবি করা হয়, তার আগের পরিচয়পত্র বাতিল করা হয়েছে।
আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।