রংপুরের লিটনকে গ্রেপ্তারে এক সপ্তাহের আলটিমেটাম, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা
রংপুর নগরীর লালবাগ রেলওয়ে বস্তিতে মাদক ব্যবসার অভিযোগে লিটনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এক সপ্তাহের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভের একপর্যায়ে লিটনের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দেন ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, রংপুর সিটি করপোরেশনের ২২, ২৭, ২৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রস্থল লালবাগ রেলওয়ে বস্তিতে দীর্ঘদিন ধরে লিটন হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছেন। প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তাঁদের। এর ফলে আশপাশের এলাকার তরুণসহ সাধারণ মানুষ মাদকের ঝুঁকিতে পড়ছেন বলে দাবি করেন বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসা বন্ধে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে রোববার বিকেল ৫টার দিকে লালবাগ ও আশপাশের চার ওয়ার্ডের শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবু আহাম্মেদ সিদ্দিক পারভেজ এবং সাবেক কাউন্সিলর শাফিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা এক সপ্তাহের মধ্যে লিটনকে গ্রেপ্তারের দাবি জানান। পরে সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা তাঁর কথিত মাদকের আস্তানায় হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দেয়।