১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের
জীবিকা ও ক্ষুদ্র পুঁজি রক্ষাসহ ১২ দফা দাবিতে রাজধানীর পুরাতন পল্টন মোড় অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে অবরোধ করে সমাবেশ শুরু করেন শ্রমিকেরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কর্মসূচি চলছিল।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ। নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা করা এবং লাইসেন্স প্রদানের জন্য কমপক্ষে দুই বছর সময় দেওয়ার দাবিও জানান তাঁরা।
এ ছাড়া চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন বন্ধ, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, শ্রমিক প্রতিনিধিদের নিয়ে নীতিমালা সংশোধন কমিটি গঠন এবং সড়কে পৃথক লেন, স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণের দাবি তোলেন শ্রমিকেরা।
তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে এক লাখ টাকা পর্যন্ত ঋণ, রেশন ব্যবস্থা চালু এবং বিদ্যুৎ, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমানো।