টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড, তদন্তে যে তথ্য খুঁজছে পুলিশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলামকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্যদের শনাক্ত করতে আসলামকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত ২৮ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত হন টিটন। এ ঘটনায় তার ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গরুর হাটের ইজারার দরপত্র নিয়ে কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়েছিল। পুলিশ ধারণা করেছিল, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।