‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’
সরকারি বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাসুদুজ্জামান বলেন, ব্যবসায়ীদের বছরে লাখ লাখ, এমনকি কোটি টাকা পর্যন্ত বিভিন্ন খাতে ব্যয় করতে হয়। এসব খরচ কমিয়ে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করা গেলে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে ৬৭ থেকে ৬৮টি কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন ছিল।