• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

১০ থেকে ১২ নভেম্বরের এ সফরে প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে নির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।

সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

১০ নভেম্বর ২০২৬, ০৬:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।