কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা
সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা জোরদার করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ব্যবহারকারীর বয়স যাচাই করে সন্দেহভাজন কিশোরদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বয়স উপযোগী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে।
সোমবার (৯ নভেম্বর) মেটা জানায়, কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলার সময় নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও তার পোস্ট, অনলাইন আচরণ ও কার্যক্রম বিশ্লেষণ করে তাকে কিশোর হিসেবে শনাক্ত করতে পারবে এআই। এ ক্ষেত্রে অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’–এর নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করা হয়েছিল। মেটার দাবি, এর মাধ্যমে আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে কিশোরদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনাকারী অভিভাবকেরা নতুন ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও প্রযুক্তিটি চালুর পরিকল্পনা রয়েছে।
মেটার ‘টিন অ্যাকাউন্টে’ ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগে নিয়ন্ত্রণ এবং রাতে নোটিফিকেশন বন্ধ রাখার মতো বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ ও ব্যবহারের সময়সীমা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার, মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে মেটার এ উদ্যোগ এসেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও করেছেন। অভিযোগে বলা হয়েছে, মেটার প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে এবং কিশোরদের বয়স যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হয়।