• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

মেরুদণ্ডের জটিল সমস্যার উন্নত চিকিৎসা নিতে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর) তাঁর মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে চিকিৎসার বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগের পর থেকে মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনির সমস্যা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বাবর। দেশে চিকিৎসা নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবর। দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরতে চান বলেও জানিয়েছেন তিনি।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান জানান, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডের ব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

১১ নভেম্বর ২০২৬, ১২:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।