• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান

হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালানোর আহ্বান জানিয়েছে তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় হাসিব আল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে সংগঠনটি।

জাতীয় ছাত্রশক্তির দাবি, দেশের বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ বৃহত্তর অস্থিরতা সৃষ্টির তৎপরতার অংশ। সংগঠনটির অভিযোগ, নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মকাণ্ড ঠেকানো এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ভূমিকা পালন করছে না।

বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—হাসিবের ওপর হামলাসহ সাম্প্রতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা।

১১ নভেম্বর ২০২৬, ১২:২৮পিএম, ঢাকা-বাংলাদেশ।