‘এক ইঞ্চি মাটিও ছাড় নয়’, প্রতিবেশী দেশের বক্তব্যে রিজভীর কড়া বার্তা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তির ১৬ ডিসেম্বর ঢাকা দখলের বক্তব্য নিন্দনীয়। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব দেশের মানুষের অহংকার।
তিনি আরও অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব ঘটনার সঙ্গে তিনি শেখ হাসিনা ও ফ্যাসিবাদের অবশিষ্টাংশের সংশ্লিষ্টতার অভিযোগ করেন।
রিজভীর দাবি, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। তবে বর্তমান সরকার সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে মন্তব্য করেন তিনি।
বিজয়ের মাসের কর্মসূচি উদ্বোধনে ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়।