• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের সচিবালয় নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জামায়াত আমিরের

বিচার বিভাগের সচিবালয় নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগের স্বাধীন সচিবালয়ের কার্যক্রম বন্ধ করে সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী অধিবেশনে তিনি এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠন ও কার্যক্রম শুরু হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাহার করা হয়েছে। তাঁর মতে, এ পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের ম্যান্ডেট থাকলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের উদ্যোগ ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

একই অনুষ্ঠানে সব বিদেশি চুক্তি সংসদে উপস্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকারে দলীয়করণ বন্ধের দাবি জানান জামায়াত আমির।

২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।